ঐতিহ্যবাহী মোরগ লড়াইয়ের টেলিছবি!


paperslife

এবার দেশের ঐতিহ্যবাহী মোরগ লড়াই নিয়ে টেলিছবি নির্মাণ করেছেন নির্মাতা সহিদ উন নবী। জানা যায়, মোরগ লড়াই নিয়ে অনলাইন কনটেন্ট প্ল্যাটফর্ম বঙ্গ’র প্রযোজনায় নির্মিত এই ছবির নাম দোস্ত দুশমন।

এ বিষয়ে নির্মাতা সহিদ উন নবী বলেন, মোরগ লড়াইয়ের ঐতিহ্যকে তিনি টিভি পর্দায় তুলে এনেছেন। যার মাধ্যমে দর্শকরা মোরগ লড়াই সম্পর্কে জানতে পারবেন। তিনি আরও জানান, এ গল্প নিয়ে কাজ করতে গিয়ে তাকে রীতিমতো অনেক গবেষণা করতে হয়েছে।

তবে সহিদ উন নবী ছাড়াও যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন শিহাব মাছুম। এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, মিশু সাব্বির, প্রভা, মনিরা মিঠু, শহিদুল আলম সাচ্চু, মিলন ভট্ট প্রমুখ। জানা গেছে, এই ঈদে এনটিভির ঈদ আয়োজনে ‘দোস্ত দুশমন’ টেলিছবিটি প্রচার করা হবে।

টেলিছবিটিতে দেখা যাবে সজল-মিশু সাব্বির দুজনার গভীর বন্ধুত্ব একটা সময় ভেঙে যায়। মোরগ লড়াইয়ের মাধ্যমে আবার তাদের বন্ধুত্বের সম্পর্কে নতুন রুপ নেয়।

এ বিষয়ে নির্মাতা সহিদ উন নবী আরও জানিয়েছেন, রাজধানীর বসিলায় ৫তলা একটি বাড়িতে ২০ বছর ধরে লড়াইয়ে অংশ নেয়া মোরগ পালেন এক ব্যক্তি। এবং এখান থেকে এই মোরগগুলো বিভিন্ন জেলায় মোরগ লড়াইয়ে অংশ নেয়। সেখান থেকে ৪০টি মোরগ এনে আমরা শুটিং এর কাজ করেছি।