ওষুধের খরচ কমিয়ে আনতে উদ্যোগী যুক্তরাষ্ট্র




কোনো ওষুধ থেকে প্রত্যাশিত ফল পাওয়া না গেলে উৎপাদক কোম্পানিকে অর্থ ফেরত দিতে হবে। ওষুধের খরচ কমিয়ে আনতে এক দশক আগে এ ধরনের অভিনব কৌশল গ্রহণ করেছিল ইতালি। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় সে অর্থ যোগ করার পরিকল্পনা নেয়া হয়। ইতালির সে প্রচেষ্টা যুগপৎ ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র এবার সে পথেই হাঁটতে যাচ্ছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে দেশটির ওষুধ খাতের নির্বাহী কর্মকর্তারা ইতালির অনুকরণে সমধর্মী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়।
বৈঠকের সূত্র ধরে ওষুধের বেড়ে চলা দামে লাগাম টানতে গত মাসে একটি খসড়া নির্বাহী আদেশ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে দেশটির অনেক ওষুধ কোম্পানি ওষুধের ফলাফলের ওপর ভিত্তি করে চুক্তি সম্পন্ন করছে।
রোগীর সমস্যা পুরোপুরি দূর করতে না পারলে দাম ফেরত সংক্রান্ত চুক্তি করছে অনেক ওষুধ কোম্পানিই। এ ধরনের চুক্তিকে ‘আউটকামস বেসড কনট্রাক্টস’ বলা হচ্ছে। ডায়াবেটিসের ওষুধ জানুভিয়া ও জানুমেট নিয়ে এ ধরনের চুক্তিতে করেছে মার্ক। এই ওষুধ দুটি ব্যবহার করে যদি রোগী তার ডায়াবেটিস প্রত্যাশিত মাত্রায় নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এর দাম ফেরত দেয়ার অঙ্গীকার করেছে কোম্পানিটি। হূদরোগের ওষুধ এনট্রেস্টোর ক্ষেত্রেও একই ধরনের চুক্তি করেছে সুইজারল্যান্ডভিত্তিক নোভার্টিস। এই ওষুধ সেবনের পরেও যদি রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয় তাহলে অর্থ ফেরত দেবে কোম্পানিটি।
এসব চুক্তির অংশ হিসেবে রোগীরা কোন ধরনের ওষুধ গ্রহণ করবে সে-বিষয়ক বিধিনিষেধ শিথিল করে থাকে স্বাস্থ্য বীমা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অ্যামজেনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট বলেন, বীমাকারী প্রতিষ্ঠানগুলো ওষুধের পুরো দাম পরিশোধে আগ্রহী থাকে না। অন্যদিকে রোগীর ব্যবস্থাপত্রে হূদরোগের ওষুধ রাপাথা লিখে থাকেন এমন চিকিত্সকরা জানিয়েছেন, চুক্তি তাদের চিকিত্সা প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলে না। ল্যাহি হাসপাতাল অ্যান্ড মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ড. ফ্রেডরিক এস রেসনিক বলেন, চিকিত্সার ক্ষেত্রে এ ধরনের চুক্তিকে আমরা মোটেও মাথায় রাখি না।
তবে খরচ কমানোর এই উদ্যোগটি খুব একটা কাজে আসছে না। কারণ ফেরত দেয়া অর্থের পরিমাণ কোম্পানিগুলোই নির্ধারণ করে দেয়। বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই অর্থ সাশ্রয়ের প্রভাব ভোক্তাদের ওপর পড়ে না।
অর্থ ফেরত দেয়ার এই চর্চাকে ‘কার্নিভালের খেলা’ হিসেবে উল্লেখ করে ওয়েলস ফার্গোর বিশ্লেষক ডেভিড মারিস বলেন, এমন কোনো চুক্তি সম্পর্কে আমার জানা নেই যেখানে ওষুধ কোম্পানি লাভবান হয়নি।
যুক্তরাষ্ট্রের ওষুধ শিল্প-সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠন ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার অব আমেরিকার মুখপাত্র রবার্ট জার্কলবাখ বলেন, বিজ্ঞান এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় ওষুধের দাম পরিশোধের পদ্ধতিতেও পরিবর্তন আসতে হবে।
ভার্জিনিয়াতে এক কনফারেন্সে প্রাইম থেরাপিউটিকসের জ্যেষ্ঠ পরিচালক বলেন, অর্থ ফেরত দেয়া চুক্তিগুলো মোটেও ব্যয় সংকোচনমূলক নয়। যদিও তার প্রতিষ্ঠানের প্রধান ডেভিড ল্যাসন মনে করেন চুক্তির প্রতিশ্রুতি রক্ষা, বিশেষ করে রোগী কি পরিমাণ অর্থ ফেরত পাবে তা নির্ণয় করা খুবই ব্যয়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ।
স্বাস্থ্য খাতে বীমা প্রতিষ্ঠান হার্ভাড পিলগ্রিমের পক্ষ থেকে বলা হয়েছে, সব ওষুধের ক্ষেত্রে চুক্তি কাজ করে না। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের কোনো ওষুধ না থাকলে ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলো অর্থ পরিশোধ করতে চায় না।