মিয়ানমারের রাখাইন থেকে সেনাবাহিনীর দমন পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রোহিঙ্গাদের মাঝে ত্রাণও বিতরণ করবেন।
আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া কক্সবাজারের উদ্দেশে সড়কপথে রওনা হন।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এছাড়া রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে খালেদা জিয়ার গাড়িবহরে যোগ দেবেন মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
কুমিল্লায় আছেন দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ফেনীতে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। চট্টগ্রামে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। কক্সবাজারে অবস্থান করছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।
খালেদা জিয়ার গাড়িবহরের আগে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অগ্রবর্তী দল আছে।
গুলশান থেকে যাত্রার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পরই রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন খালেদা জিয়া।
মির্জা ফখরুল বলেন, ‘সফর যাতে নির্বিঘ্ন হয়, সে জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছি। আইজিপি আমাদের আশ্বাস দিয়েছেন।’
ঢাকা থেকে খালেদা জিয়ার কক্সবাজার যাওয়ার পথে জনসমাগম করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে নেতা-কর্মীদের সংগঠিত করতে যাত্রাপথের জেলাগুলোকে বার্তা পাঠানো হয়েছে। দলের কেন্দ্রীয় একটি অগ্রবর্তী দল গত দুই দিন সংশ্লিষ্ট জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছে।
মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে গত ২৫ আগস্ট থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা শুরু হয়। ওই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যে ছিলেন। দেশে ফেরার ১০ দিনের মাথায় আজ কক্সবাজারের উদ্দেশে রওনা হলেন তিনি।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, খালেদা জিয়ার এ সফর মানবিক। তাই জনসভা বা পথসভার কোনো কর্মসূচি নেই। রাস্তায় কোনো ধরনের তোরণ নির্মাণ না করার ব্যাপারেও দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু দলীয় প্রধানের যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দিন যেভাবে বিমানবন্দর থেকে গুলশানের পথে জমায়েত করা হয়েছিল, সেভাবে কক্সবাজারে যাত্রাপথেও বিপুলসংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে চাইছেন দলের নেতারা। তাঁরা মনে করছেন, এর মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দীর্ঘ পথে দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করার একটা সুযোগ মিলবে। এ ছাড়া বড় ধরনের জনসমাগম করা গেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে সরকারকেও একটি বার্তা দেওয়া যাবে।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া আজ দুপুরে ফেনীতে যাত্রাবিরতি করবেন। রাতে চট্টগ্রামে রাতযাপন করবেন। কাল রোববার তিনি কক্সবাজারে পৌঁছাবেন। পরদিন উখিয়ায় কয়েকটি শরণার্থীশিবিরে তাঁর ত্রাণ তৎপরতায় অংশ নেওয়ার কথা।
বিএনপির সূত্র জানায়, খালেদা জিয়ার যাওয়ার পথ ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়কে যাতে দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম হয়, সে জন্য কেন্দ্রীয় তিন সদস্যের একটি অগ্রবর্তী দল গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার ঢাকা থেকে কক্সবাজারে যায়। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের নেতৃত্বে এই দলে আছেন প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ।
