কপিলকে হটিয়ে সুনীলের ছক্কা




কমেডি কিং কপিল শর্মা মোটেই আর শো নিয়ে ফিরছেন না।  ব্যাপারটি নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন উঠেছে।  এই সুযোগে ছক্কা হাঁকিয়েছেন সুনীল।  শোনা যাচ্ছে, কপিল শর্মা শো-এর স্লটে সুনীল গ্রোভারের নতুন শো আসছে।
সেপ্টেম্বরের শুরুতেই চ্যানেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলেন, কপিলের শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত শো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।  তবে দ্রুত সুস্থ হয়ে অক্টোবরের শেষে নতুন মোড়কে শো ফিরতে পারে বলেও আভাস দেওয়া হয়েছিল।  তত দিন সেই স্লটে দেখানোর কথা ছিল ক্রুষ্ণা অভিষেকের ‘দ্য ড্রামা কোম্পানি’।  কিন্তু সে সব জল্পনার অবসান করে চ্যানেল কর্তৃপক্ষ নাকি জানিয়েছেন, সুনীলের নতুন শো নিয়েই কাজ করতে আগ্রহী তাঁরা।  এমনকী, কিকু শারদা ও আলি আসগারও সুনীলের শো-তেই যাচ্ছেন।
বেশ কয়েক বছর ধরে সপ্তাহ শেষের রিল্যাক্সেশনে নয়া মাত্রা যোগ করেছিল ‘দ্য কপিল শর্মা শো’।  কপিল শর্মার সঙ্গে সুনীল গ্রোভার এবং অন্য কমেডিয়ানদের সহযোগিতায় এই শো যেন আম আদমির ‘চিল পিল’-এ পরিণত হয়েছিল।  কিন্তু সব ভাল লাগা, সব রিল্যাক্সেশনকে পাশ কাটিয়ে কপিল-সুনীল বিচ্ছেদের পর থেকেই একটা জল্পনা শুরু হয়েছিল।  টিআরপি পড়ে যাওয়া, কপিল শর্মার শো ছেড়ে অন্য কমেডিয়ানদের চলে যাওয়া এবং সর্বোপরি কপিলের অসুস্থতা— সেই জল্পনা আরও বাড়িয়েছিল।
কপিলের স্লটে এ বার সুনীলের শো চলে আসার মানে কি তা হলে কপিল শর্মার যুগ একেবারেই শেষ হয়ে গেল?