কফির বৈশ্বিক ব্যবহার কমার পূর্বাভাস




২০১৬-১৭ মৌসুমে বিশ্বব্যাপী কফি উৎপাদন বাড়বে। তবে একই সময় পণ্যটির বৈশ্বিক ব্যবহার আগের মৌসুমের তুলনায় দশমিক ৩ শতাংশ কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন (আইসিও)।
আইসিওর পূর্বাভাস অনুযায়ী, ২০১৬-১৭ মৌসুম শেষে বিশ্বব্যাপী কফির ব্যবহার দাঁড়াবে ১৫ কোটি ৫১ লাখ ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি), যা আগের মৌসুমের তুলনায় দশমিক ৩ শতাংশ কম।
এদিকে ২০১৬-১৭ মৌসুমে কফির বৈশ্বিক উৎপাদন ১৫ কোটি ৭৪ লাখ ব্যাগ ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আইসিও, যা প্রতিষ্ঠানটির আগের পূর্বাভাসের তুলনায় ৩৫ লাখ ব্যাগ বেশি। মৌসুমের শুরুতে দেয়া পূর্বাভাসে পণ্যটির বৈশ্বিক উৎপাদনের লক্ষ্য ১৫ কোটি ৩৯ লাখ ব্যাগ ধরা হয়েছিল।
বিশ্বব্যাপী বাড়তি উৎপাদনের তুলনায় পণ্যটির ব্যবহার কম থাকায় এ মৌসুমে কফির বৈশ্বিক মজুদ বাড়তে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। এর জের ধরে আন্তর্জাতিক বাজারে বাড়তি সরবরাহের কারণে পণ্যটির দাম কমে আসবে।