ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে ২৮ এপ্রিল থেকে অ্যাপের মাধ্যমে ৫০ শতাংশ টিকেট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এছাড়া শুধু কমলাপুর নয়, ঢাকার ফুলবাড়িয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও মিরপুরসহ বিভিন্ন স্থানে ট্রেনের অগ্রীম টিকিট পাওয়া যাবে বলে মন্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী।
তিনি বলেন, এতদিন শুধু কমলাপুর স্টেশন থেকেই ঈদের আগাম টিকেট বিক্রি করা হত। কিন্তু এবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে টিকেট বিক্রি হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ এপ্রিল ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন চলাচল রাজশাহী থেকে উদ্বোধন করবেন বলে জানান রেলমন্ত্রী।
এরপর ২৭ এপ্রিল থেকে নিয়মিত ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলবে ট্রেনটি।
মন্ত্রী বলেন, এছাড়া ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে। আর ঈদের পর ঢাকা-বেনাপোল রুটে আরেকটি বিরতিহীন ট্রেন চালু করা হবে।

