কমেছে স্বর্ণের দাম




আবারো কমেছে স্বর্ণের দাম। গত বৃহস্পতিবার মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হওয়ায় পণ্যটির দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।
ফেব্রুয়ারিতে ৭ শতাংশ কমেছে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম দশমিক। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ৯ দশমিক ৫০ ডলার কমে ১ হাজার ২৭৬ দশমিক ৭০১ ডলারে লেনদেন হয়। এর আগের দিনও পণ্যটির দাম কমেছিল। সর্বশেষ গত ২০ নভেম্বর স্বর্ণ এত কম দামে লেনদেন হয়েছিল। গত মঙ্গলবার পণ্যটি ১ হাজার ২৯৯ দশমিক ২০ ডলারে লেনদেন হয়।
ডিসেম্বর চুক্তির লেনদেন গত ৩১ অক্টোবর শেষ হয়। সব মিলিয়ে নভেম্বর শেষে ফেব্রুয়ারিতে সরবরাহের চুক্তির দাম ডিসেম্বরের চুক্তির চেয়ে প্রায় দশমিক ২ শতাংশ বেশি ছিল।
এ বিষয়ে ইনভেস্টিং হ্যাভেনের প্রধান বিশ্লেষক তাকি সাকলানস বলেন, স্বর্ণের বাজারের দৃশ্যমান কোনো ধারা বোঝা যাচ্ছে না। বাজারের জন্য সহায়ক ও চাপ সৃষ্টিকারী উভয় ধরনের নিয়ামকই সম্মিলিত আচরণ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখিতার কারণে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকে পড়ছে। ভোগ্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি স্বর্ণের বাজারের জন্য সহায়ক হলেও তা দাম বৃদ্ধির জন্য পর্যাপ্ত নয় মৌলিক ভিত্তি ছাড়া মূল্যস্ফীতি বা অন্য কোনো পরিবর্তন দেখা গেলেও স্বর্ণের বাজারের ধারা স্পষ্ট হবে না।
এদিকে আইসিইতে দশমিক ২ শতাংশ কমে ডলার সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৯৩ পয়েন্ট। এ নিয়ে পুরো নভেম্বরে সূচকটি ১ দশমিক ৬ শতাংশ কমেছে, যা গত জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ পতন। ওই মাসে ডলার সূচক কমেছিল ২ দশমিক ৯ শতাংশ।
বুধবার মার্কিন সিনেটে ট্যাক্স বিল নিয়ে আলোচনার ব্যাপারে ভোট অনুষ্ঠিত হয়। এ-সংক্রান্ত চূড়ান্ত ভোট গত বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী কর কমানো হবে কিনা, তা নির্ধারণে এ আলোচনা গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে ডেইলি এফএক্সের মুদ্রা ও পণ্যবাজার বিশেষজ্ঞ ইলিয়া স্পিভেক বলেন, মূল্যস্ফীতি বাড়াতে কর কমানো হতে পারে— বাজারে এমন প্রত্যাশা আছে। এতে ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির সম্ভাবনা আরো জোরালো হচ্ছে। সিনেট যদি কর কমানোর ব্যাপারে নিজেদের প্রস্তাবের বদলে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের প্রস্তাব নিয়ে আলোচনায় আগ্রহ দেখায়, তাহলে স্বর্ণের দাম আরো কমবে।
সরকারি তথ্যে জানা গেছে, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে আয় ও ব্যয় উভয়ই বেড়েছে, তবে তা ধীর। গত বুধবার সর্বশেষ কংগ্রেস শুনানিতে ফেডারেল রিজার্ভের প্রধান জ্যানেট ইয়েলেন মূলস্ফীতি ২ শতাংশের ধারায় ফিরে আসছে বলে অভিমত প্রকাশ করেন। এতে ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির সম্ভাবনাকে আরো জোরালো করে তুলেছে। ফেডের নথিতে মার্কিন অর্থনীতি শক্তিশালী হয়ে উঠছে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে।
সুদহার বৃদ্ধি স্বর্ণের বাজারের জন্য নেতিবাচক। এতে ডলারের দাম বাড়ে, আর স্বর্ণের মতো লভ্যাংশহীন পণ্যের দাম কমে।
এছাড়া কোমেক্সে মার্চে সরবরাহের চুক্তিতে রুপার দাম দশমিক ৫ শতাংশ কমেছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১৬ দশমিক ৪৭৪ ডলারে লেনদেন হয়। গত এক মাসে পণ্যটির দাম ১ দশমিক ৪ শতাংশ কমেছে। মার্চে সরবরাহের চুক্তিতে তামার দাম দশমিক ২ শতাংশ কমেছে। এদিন পণ্যটি পাউন্ডপ্রতি ৩ দশমিক শূন্য ৬৪ ডলারে লেনদেন হয়। জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে প্লাটিনামের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৯৪২ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়। মার্চে সরবরাহের চুক্তিতে প্যালাডিয়ামের দাম দশমিক ৫ শতাংশ কমেছে।
আরও পড়ুন;
হিলিতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী    
পাইকারিতে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম           
দাম নিয়ন্ত্রণের মাধ্যমে পেঁয়াজ আমদানি বাড়াচ্ছে ভারত     
ভোমরা স্থলবন্দরেও কমেছে পেঁয়াজ আমদানি     
হিলিতে পেঁয়াজ আমদানি অর্ধেকে নেমেছে
কেজিতে ৭ টাকা বেড়েছে চায়ের দাম  
বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম    
পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়ছে চায়ের দাম