কম দামে ম্যাকবুক এয়ার আনছে অ্যাপল




সুলভ মূল্যের ম্যাকবুক এয়ার আনতে যাচ্ছে অ্যাপল। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে এটি উন্মোচন করতে পারে। তাইওয়ানভিত্তিক ব্যবসায়িক গ্রুপ কেজিআই সিকিউরিটিজকে উদ্ধৃত করে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ম্যাক এ তথ্য প্রকাশ করেছে।
কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং চি কুও বলেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধে অ্যাপল সুলভ মূল্যের ম্যাকবুক এয়ার আনতে পারে। এর ফলে চলতি বছর ম্যাকবুকের সরবরাহ ১০-১৫ শতাংশ বাড়তে পারে। নতুন ম্যাকবুক এয়ারের দাম কম হলে অ্যাপলের ল্যাপটপ বিক্রি বেড়ে যাবে বলে তিনি দাবি করেন।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানায়, বৈশ্বিক ল্যাপটপ সরবরাহে আসুসকে ছাড়িয়ে গেছে অ্যাপল। এর ফলে বৈশ্বিক ল্যাপটপ সরবরাহে চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাপল। গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৪৪ লাখ ৩০ হাজার ইউনিট ম্যাকবুক সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।
অনেকে ধারণা করছেন, চলতি বছর ম্যাকবুক এয়ার আর তৈরি করবে না অ্যাপল। তবে এটি অসম্ভব বলে মনে হচ্ছে। কারণ বাজারে এখনো ম্যাকবুক এয়ারের ব্যাপক চাহিদা রয়েছে। কলেজ শিক্ষার্থীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
২০১৫ সাল থেকে অ্যাপল তার ম্যাকবুক এয়ারের নতুন সংস্করণ আনছে না। ২০১৬ সালে ১১ ইঞ্চির ম্যাকবুক এয়ার উৎপাদন আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।