গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমান।
তিনি জনগণের কাছ থেকে আহরিত রাজস্বের বিনিময়ে তাদের সর্বোচ্চ সেবা দিতে সরকারের অন্যান্য দপ্তরে চিঠি দেয়ার কথা জানান। সংবাদ সম্মেলনে সর্বশেষ অর্থবছরে রাজস্ব আহরণের চিত্র তুলে ধরেন এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক মো. বেলাল হোসেন চৌধুরী। এনবিআরের বিভিন্ন বিভাগের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, জনগণকে সেবা দেয়া ও রাষ্ট্রের উন্নয়নের জন্যই রাজস্ব আহরণ করা হয়। জনগণকে সেবা দেয়ার দায়িত্ব এনবিআরের না হলেও এ বিষয়ে সরকারকে অবহিত করছি আমরা। দেশের বড় বড় অবকাঠামোর পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও দপ্তরের সঙ্গে আমরা বৈঠক করেছি। ভবিষ্যতে সরকারের বিভিন্ন দপ্তরে এ ব্যাপারে চিঠি দেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
গত অর্থবছরে রাজস্ব আহরণের সফলতার বিষয়ে মো. নজিবুর রহমান বলেন, রাজস্ব আহরণে ১৯ শতাংশ প্রবৃদ্ধি স্মরণকালের সবচেয়ে বড় সফলতা। এ নিয়ে টানা তিন অর্থবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আহরণের রেকর্ড সৃষ্টি করল এনবিআর। কর ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির উদ্ভাবন, ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারিত্ব, করদাতার সংখ্যা বৃদ্ধিসহ কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এ সাফল্য এসেছে। নতুন অর্থবছরে রাজস্ব আহরণের পরিমাণ আরো বাড়ানোর লক্ষ্যে রাজস্ব কাঠামো শক্তিশালী করা হচ্ছে। জেলা পরিষদে ভ্যাট তথ্যকেন্দ্র আরো দুই বছর চালু রাখাসহ কর মেলা, ভ্যাট সপ্তাহ উদযাপনের মতো আয়োজনগুলো অব্যাহত থাকবে। বকেয়া কর আদায়ে এডিআর শক্তিশালী করাসহ আগামী পহেলা বৈশাখে আরো বড় আকারে হালখাতা করা হবে বলে এনবিআর চেয়ারম্যান জানান।
গত অর্থবছরের রাজস্ব আহরণের চিত্র তুলে ধরে বেলাল চৌধুরী বলেন, গত অর্থবছরের বাজেটে প্রাথমিকভাবে এনবিআরের জন্য ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে সংশোধিত বাজেটে তা কমিয়ে ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। আগের বছরের চেয়ে রেকর্ড প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শেষে ১ লাখ ৮৫ হাজার ৩ কোটি ৬৯ লাখ টাকার রাজস্ব আহরণ করা হয়েছে। আগের অর্থবছরে ১ লাখ ৫৫ হাজার ৫১৮ কোটি টাকার রাজস্ব আহরণ করেছিল এনবিআর, যেখানে প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৬২ শতাংশ।
রাজস্ব আদায়ে এনবিআরের কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সামনে রেখে এনবিআর কর্মকর্তারা ব্যস্ত থাকায় রাজস্ব আহরণ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। ব্যাংকিং খাতে রাজস্ব আহরণ ১৪ শতাংশ কমে গেছে। পাশাপাশি মোবাইল ও সিগারেট কোম্পানিগুলো থেকেও প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আহরণ করা যায়নি। এছাড়া জুনের শেষ দিকে রমজান ও ঈদের ছুটি এবং সাম্প্রতিক জলাবদ্ধতার কারণে রাজস্ব আহরণ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। এর বাইরে সরকারি বিভিন্ন প্রকল্পে আমদানি শুল্ক ও কর অব্যাহতি দেয়া এবং বিভিন্ন সংস্থার কাছে আটকে থাকা ৩০ হাজার কোটি টাকার বেশি বকেয়া রাজস্ব আদায় করতে না পারায় লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে কিছুটা বেগ পেতে হয়েছে। সরকারি কোম্পানিগুলোর কাছ থেকে বকেয়া রাজস্ব ঠিকমতো আদায় হলে গত অর্থবছরে মোট রাজস্বের পরিমাণ ২ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেত বলে দাবি করেন তিনি।
