মহামারী আকার ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনসহ অনেক দেশেই মৃত্যুর হার বেড়েই চলেছে। এমন অবস্থায় এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার। বৃহস্পতিবার দেশটির সরকারি একটি সংবাদমাধ্যমের ভাইস প্রেসিডেন্টের করোনাক্রান্তের খবর জানানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছি শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন দেশটির চিকিৎসকরা।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিনে করোনাক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে।
দেশটির সরকারি দৈনিক ইরান ডেইলি বলছে, ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
বৃহস্পতিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১০৬ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনাও ঘটেছে ইরানে।

