যুক্তরাজ্যের জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিয়েস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে তিনি ‘সেলফ-আইসোলেশন’ এ আছেন।
এ বিষয়ে বিবিসি জানায়, ডোরিয়েসই প্রথম ব্রিটিশ এমপি পরীক্ষায় যার করোনাভাইরাস ধরা পড়লো।
একজন নার্স হিসেবে পেশাজীবন শুরু করা ৬২ বছর বয়সী এ রাজনীতিক পরে এক টুইটে বলেন, “এটা অত্যন্ত বাজে একটা ঘটনা তবে আমি এখন এর সবচেয়ে খারাপ পর্বটা পার হয়ে এসেছি বলে আশা করছি।”
তবে তাঁর সঙ্গে বসবাসরত ৮৪ বছর বয়সী মাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গতকাল মঙ্গলবার থেকে মায়ের কাশি শুরু হয়েছে।
ডরিয়েস গত কয়েক দিনে ওয়েস্টমিনস্টার বা তাঁর সংসদীয় এলাকায় ঠিক কতটি বৈঠকে অংশ নিয়েছিলেন, তা জানা যায়নি।
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডরিয়েসের প্রথম লক্ষণ দেখা দেয় গত বৃহস্পতিবার। ওই দিন তিনি প্রধানমন্ত্রী আয়োজিত ডাউনিং স্ট্রিটের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গত শুক্রবার থেকে তিনি বাড়িতে নিজেকে পৃথক করে রাখেন।
উল্লেখ্য, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত মোট ৩৮২ জন। মারা যাওয়া সবশেষ ব্যক্তির বয়স ছিল ৮০ বছরের মতো। তিনি আগে থেকেই নানান জটিলতায় ভুগছিলেন।

