ভারতের দিল্লিতে করোনা ছড়াচ্ছেন দুই মহিলা ডাক্তার বলে দাবি করেছেন প্রতিবেশীরা। এই অভিযোগে দিল্লির সফরদরজং হাসপাতালের দুই ডাক্তারকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বুধবার রাতে দিল্লির গৌতম নগর এলাকায় ঘটে এই ঘটনা।
সফরদরজং হাসপাতালের আবাসিক ডাক্তারদের অ্যাসোসিয়েশনের ডা. মণীশ জানিয়েছেন, ‘বুধবার রাত ৯.৩০-এ এই ঘটনা ঘটে। দুই মহিলা ডাক্তার ফল কিনতে বাইরে বেরিয়েছিলেন।
তারা এলাকায় করোনাভাইরাস ছড়াচ্ছেন বলে দাবি করে চিত্কার শুরু করেন প্রতিবেশীরা। তাদের জবাব দিতে গেলে মহিলা ডাক্তারদের শারীরিকভাবে হেনস্থা করা হয়।’
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ওই দুই জুনিয়র ডাক্তার। হেনস্থার জেরে তারা দুজনেই জখম হয়েছেন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

