চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে। প্রাণঘাতী এ ভাইরাসে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ হাজার মানুষ।
পৃথিবী জুড়ে এ ভাইরাস মোকাবেলায় ওষুধ, প্রতিষেধক বানানোর চেষ্টা চলছে। সে চেষ্টায় ৯৬.৫-৯৯.৯ শতাংশ সাফল্য পেয়েছে চীন। এমনটাই দাবি চীনা বিজ্ঞানীদের। বিশেষ ন্যানোম্যাটেরিয়াল বানিয়েছে চীন, যা কি না শরীরে ঢুকে মুহূর্তের মধ্যেই ভাইরাসটিকে গিলে খেয়ে ফেলবে।
চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমস’র এক টুইট বার্তায় এ খবর জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন’র খবরেও চীনা গবেষকদের দাবির বিষয়টি তুলে ধরা হয়েছে। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, করোনাভাইরাসকে মোকাবিলার জন্য চীনের গবেষকেরা একরকম ন্যানোমেটেরিয়াল বানিয়েছে। শরীরে প্রবেশ করে করোনাভাইরাস শুষে নিয়ে ৯৯.৯ শতাংশ পর্যন্ত নিষ্ক্রিয় করে ফেলে।
ন্যানোমেটেরিয়াল হেলথকেয়ার ছাড়াও পেন্টস, ফিল্টার, ইনসুলেশন এবং লুব্রিকেট করার কাজেও ব্যবহার করা হয়। গবেষকরা এও দাবি করেছেন, করোনাভাইরাসকে মোকাবিলার ক্ষেত্রে এই ন্যানোম্যাটেরিয়াল দেহে প্রবেশের পর অন্যান্য অ্যানজাইমহগুলোর মতোই কাজ করে।

