বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পরেও করা যাবে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালাও। আমি তোমাদের সাথে আছি। সেইসাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় যা আছে সেভাবেই ঘোষণা করো করোনার নির্দেশনাবলী।
রোববার (৮ মার্চ) দেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ তথ্য জানার পর এমনই নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে রোববার সকালে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করোনাভাইরাস আক্রান্ত রোগী সম্পর্কে অবহিত করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকারকালে কেউ কেউ কয়েকটা দিন করোনাভাইরাস আক্রান্ত তথ্য গোপন করে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের পর ঘোষণা দেয়ার প্রস্তাব করলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সরাসরি নাকচ করে দেন।
দেশে করোনা সংক্রমণের এ খবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব (সেবা বিভাগ) আসাদুল ইসলাম ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদকে জানান আইইডিসিআর পরিচালক ডা. মীর জাদি সাবরিনা ফ্লোরা।

