করোনাভাইরাসের নতুন কেন্দ্র হয়ে ওঠা লাতিন আমেরিকায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের তথ্য মতে, লাতিন আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৫০ হাজার ১০৫ জন। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৭৬ হাজার ৪২৫ জন।
এর মধ্যে আক্রান্ত-মৃতের শীর্ষে রয়েছে ব্রাজিল। এছাড়া চিলি, মেক্সিকো, পেরুর মতো দেশগুলোতেও দ্রুত বাড়ছে সংক্রমণ।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, লাতিন আমেরিকায় সর্বোচ্চ তো বটেই, বিশ্বের মধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ ব্রাজিল।সেখানে এ পর্যন্ত ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। মারা গেছেন ২৮ হাজার ৮৩৪ জন।
মেক্সিকোয় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫১২ জন, মারা গেছেন ৯ হাজার ৭৭৯ জন। পেরুতে আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ৬৭১ জন, মৃত্যু ৪ হাজার ৩৭১ জনের। এছাড়া, চিলিতে আক্রান্ত ৯৪ হাজার ৮৫৮ জন। মারা গেছেন ৯৯৭ জন।
সম্প্রতি প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) পরিচালক ডা. ক্যারিসা এটিন্নে জানিয়েছেন, প্রতিদিন কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় ইউরোপ-যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকা । নভেল করোনাভাইরাস সংক্রমণের নতুন কেন্দ্র এখন তারা।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এক বিশ্লেষণের মাধ্যমে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে আগামী ৪ আগস্টের মধ্যে ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়াতে পারে এক লাখ ২৫ হাজারের বেশি। যা সর্বোচ্চ ২ লাখ ২১ হাজার ছাড়াতে পারে।
সূত্র: রয়টার্স, ডেইলি মেইল

