গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব।
ইতিমধ্যে বিশ্বজুড়ে ১ কোটি ১২ লাখের বেশি মানুষ ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। এতে মারা গেছেন ৫ লাখ ২১ হাজারের বেশি মানুষ।
এই পরিস্থিতিতে গুরুতর প্রাদুর্ভাবের শিকার দেশগুলোকে দ্বন্দ্বের পরিবর্তে বাস্তবতার নিরিখে করোনার ওপর নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জেনেভায় জাতিসংঘের সংবাদদাতাদের সমিতি দ্বারা আয়োজিত এক ব্রিফিংয়ে ডব্লিউএইচওর জরুরি অবস্থার পরিচালক মাইকেল রায়ান বলেন, ‘মানুষকে জেগে উঠতে হবে। তথ্য মিথ্যা নয়। বর্তমান মাঠপর্যায়ের পরিস্থিতি মিথ্যা নয়।’
সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘আমরা সবাই এর সমাপ্তি চাই। আমরা সবাই আমাদের জীবন নিয়ে এগিয়ে যেতে চাই। কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে, এটা শেষ হওয়ার ধারেকাছেও নেই। কিছু দেশ যদিও কিছুটা উন্নতি করেছে, তবু বিশ্বজুড়ে মহামারিটি দ্রুতগতিতে ছড়াচ্ছে।’

