করোনাভাইরাসে ইতিমধ্যেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ স্পেন। ইতিমধ্যে ১১ হাজারের অধিক প্রাণহানি ঘটেছে দেশটিতে। এমন অবস্থায় নতুন এক সংকটের সামনে দেশটি।
টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেছে স্পেনের অধিকাংশ এলাকা। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ৪ মাসের বৃষ্টি হয়েছে মাত্র ২৪ ঘণ্টায়। আর এতে করে পূর্ব স্পেনের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।
দেশটির কাস্তেলোঁ প্রদেশের রাজধানী কাস্তেলোঁ দে লা প্লানায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
স্পেনের আবহাওবিদরা জানিয়েছেন, বছরের এই সময় সাধারণত ৪২ মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু এবার ২৪ ঘণ্টায় (৩১ এপ্রিল থেকে ১ মার্চ) বৃষ্টিপাত হয়েছে ১৪৭ মিলিমিটার। এছাড়া, হালকা ও মাঝারি বৃষ্টি তো চলছেই। ফলে পূর্ব স্পেন বন্যায় তলিয়ে গেছে।
এদিকে, স্পেনে করোনাভাইরাস ভয়ঙ্কর দাপট দেখাচ্ছে। দেশটিতে এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসের বলি হয়েছে ১১ হাজার ৯৪৭ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ২৬৮ জন।

