এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হবে কিনা সেই নিয়ে এখনও নিশ্চয়তা নেই।
তবে হলেও তা কম দিনের জন্য হবে, শনিবার সেটি স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর এই কথা জানান তিনি।
করোনাভাইরাস দেশে ছড়িয়ে পড়ার ফলে ২৯ মার্চের বদলে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে এই টি-২০ লিগ।
তবে পনেরো দিন পর যদি টুর্নামেন্ট শুরু হয়েও তা স্বল্পমেয়াদের হবে বলে এদিন জানান সৌরভ। তবে কতটা কাঁটছাঁট হবে, কতগুলো ম্যাচ হবে সেই বিষয়ে এখনই কোনও আলোকপাত করতে পারেননি তিনি। এই মুহুর্তে সবার শরীর স্বাস্থ্য সুস্থ থাকাই প্রথম প্রায়োরিটি, সেটি জানিয়ে দেন তিনি।
সৌরভ বলেন, সরকারের নির্দেশের পর সমস্ত ঘরোয়া ম্যাচ বাতিল করা হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজও বাতিল করা হয়েছে। তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন, বলে জানান তিনি। প্রসঙ্গত দিল্লিতে আইপিএল করতে দেওয়া হবে না, কেজরিওয়াল সরকারের এই ঘোষণার পরেই আইপিএল বন্ধ করার সিদ্ধান্ত নিতে কার্যত বাধ্য হয় বিসিসিআই।
জানা যাচ্ছে, গভর্নিং কাউন্সিলের বৈঠকে বেশ কিছু বিকল্পের কথা আলোচনা করা হয়।ছয়-সাতটি বিকল্প প্রস্তাব ওঠে। এর মধ্যে একটা ছিল স্বল্পমেয়াদী আইপিএলের কথা। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সৌরভ বলেন যে এখনকার জন্য আইপিএল শুধু মুলতুবি আছে। প্রতি সপ্তাহে যেমন পরিস্থিতি থাকে, সেই হিসাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

