করোনাভাইরাসে আক্রান্তদের নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
এ সময় তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে তিন জন ছাড়াও বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন আরও চার জন এবং আইসোলেশনে আছেন আট জন। তাদের নিয়ে আশঙ্কার কিছু নেই।
ড. সেব্রিনা ফ্লোরা আরও বলেন, দেশের বাইরে থেকে যারা এখন ফিরছেন, তাদের ১৪ দিন বাসায় থাকার জন্য (সেল্ফ কোয়ারেন্টাইন) বিশেষ অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলেও মাস্ক ব্যবহার করতে হবে।
তিনি জানান, যে তিন জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের মধ্যে দুই জনের মধ্যে মৃদু সংক্রমণ ছিল। তবে তাদের আমরা এখনই ছাড়তে পারবো না। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী পরপর দুই পরীক্ষাতে নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাদের চিকিৎসাধীন থাকতে হবে।
সেইসাথে ৬৫ বছরেরও বেশি বয়স যাদের, তাদের জন্য বিশেষ অনুরোধ হলো- অত্যাবশ্যকীয় না হলে তারাও বাসার বাইরে যাবেন না। সভা-সমাবেশ বা ভিড়ের মধ্যে না যেতে অনুরোধ করা হচ্ছে।

