করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আতঙ্কিত হয়ে পড়েন ৩৪ বছর বয়সের একজন ভারতীয় সাংবাদিক। করোনা সংক্রমণ কোনও ভাবে মানতে পারেননি তিনি৷ ভয়ে এআইএমএসের চারতলা থেকে ঝাঁপ দেন৷ গুরুতর আহত হন।
ভর্তি করা হয় আইসিইউতে এবং পরবর্তীতে তার মৃত্যু হয়৷ জানা যায়, একটি হিন্দি দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷
করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন ওই সাংবাদিক৷ তারপর থেকে ডিপ্রেসিং ম্যাসেজ পাঠাতে থাকেন সহকর্মী ও বন্ধুদের৷ তারা সকলেই বুঝতে পারেন যে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছেন তিনি৷
উত্তর পূর্ব দিল্লির ভজনপুর এলাকায় থাকতেন ওই সাংবাদিক। পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই কন্যা৷ লকডাউনের ফলে কর্মক্ষেত্রেও প্রতিনিয়ত চাকরি চলে যাওয়ার ভয় ছিল৷ এর সঙ্গে ছিল বসের মানসিক অত্যাচার৷ সব মিলিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল তার।
এমনটাই জানিয়েছেন তার এক সহকর্মী। এরপর করোনা আক্রান্ত হওয়ায় নিজেকে আর ঠিক রাখতে পারেননি। আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

