বার্সেলোনার পাঁচ ফুটবলারের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছিল, চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করেছে স্পেনের একটি রেডিও চ্যানেল। চ্যানেলটির দাবি, দুজন সাপোর্ট স্টাফেরও করোনা রিপোর্ট পজিটিভ হয়েছিল। তবে কোন কোন খেলোয়াড়ের করোনা পজিটিভ আসে, তা জানা যায়নি।
এটি প্রায় মাসদুয়েক আগের কথা। স্পেনে করোনা আঘাত হানার শুরুর দিকে করোনা পরীক্ষায় পজিটিভ আসে সাত সদস্যের নমুনায়। কিন্তু তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না। তাই হোম আইসোলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হয়েছে তাদের।
স্পেনের বার্সেলোনা শহরেই হেডকোয়ার্টার রেডিও স্টেশন আরএসিওয়ানের। ক্লাব বার্সেলোনার অনেক হাঁড়ির খবরই তারা ফাঁস করে থাকে নিয়মিত। তেমনি এ খবরটিও জানিয়েছে ২০ বছর পুরনো এ রেডিও স্টেশনটি। সংক্রমিত কোনো খেলোয়াড় কিংবা কোচের নাম প্রকাশ করেনি তারা।
আরএসিওয়ানের বরাত দিয়ে একই খবর ছাপানো হয়েছে ডেইলি মেইল, মিরর ডট ইউকে, এএস (স্প্যানিশ), বি সকারসহ আরও অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে বর্তমানে কোনো করোনা সংক্রমিত সদস্য নেই বার্সেলোনায়। মে মাসের শুরুতে লা লিগা কর্তৃপক্ষের মাধ্যমে করানো করোনা পরীক্ষায় সব সদস্যের রেজাল্ট আসে নেগেটিভ।
চলতি মাসের ১১ জুন থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে স্প্যানিশ লা লিগা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মাঠে নামার অপেক্ষা করতে হবে যথাক্রমে ১৩ ও ১৪ জুন পর্যন্ত। মায়োর্কার মাঠে ১৩ জুন দিবাগত রাত দুইটায় মাঠে নামবে বার্সেলোনা। রিয়ালের ম্যাচ ঘরের মাঠে, এইবারের বিপক্ষে ১৪ জুন রাত সাড়ে ১১টায়।

