মাত্র এক সপ্তাহ পরই তিন ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ইংল্যান্ডে রওয়ানা হওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু তার আগেই এলো মহা দুঃসংবাদ। পাকিস্তানের ইংল্যান্ড সফরের স্কোয়াডের তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই তিন ক্রিকেটার হলেন লেগ স্পিনার সাদাব খান, ডান হাতি তরুণ পেসার হারিস রউফ এবং অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার হায়দার আলি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।
জানা যায়, রোববার রাওয়ালপিন্ডিতে তাদের করোনা পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত এই তিন ক্রিকেটারের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি বলে জানাচ্ছে ক্রিকইনফো। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে তাদের এটা ছিল তাদের রুটিন পরীক্ষা।
পিসিবি জানিয়েছে, তিন ক্রিকেটারকেই আইসোলেশনে পাঠানো হয়েছে। এই তিন ক্রিকেটারের সঙ্গে রাওয়ালপিন্ডিতে করোনা টেস্ট করিয়েছেন ইমাদ ওয়াসিম এবং উসমান সিনওয়ারিও। তবে তাদের রিপোর্ট এসেছে নেগেটিভ।
৫ সপ্তাহ আগে ইংল্যান্ড পৌঁছার কথা পাকিস্তান ক্রিকেট দলের। সেখানে গিয়েই দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। পিসিবি থেকে বলে দেয়া হয়েছে, কোনো খেলোয়াড় পরিবারের কোনো সদস্যকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। ইংল্যান্ড সফরের দল ঘোষণা করার আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নেন মোহাম্মদ আমির এবং হারিস সোহেল।

