করোনায় আক্রান্ত সংসদ সদস্য রনজিত কুমার



করোনায় আক্রান্ত সংসদ সদস্য রনজিত কুমার

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার রাত পৌনে ১২টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

জানা যায়, করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার দিবাগত রাত ১টার দিকে এমপি রনজিতকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, সোমবার রাত পৌনে ১২টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে আমাকে মৌখিকভাবে জানানো হয় এমপি রনজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারকে খবরটি জানিয়ে দেই আমি। এরপর রাতেই এমপি রনজিত কুমার রায়কে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলবে।

জানা গেছে, কয়েকদিন ধরে এমপি রনজিত কুমার রায় জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে তার ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে এমপি রনজিত কুমার রায়ের করোনা পজিটিভ এসেছে। পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ।