এবার প্রাণঘাতী করোনা সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ। এক প্রতিবেদনে তারা জানিয়েছে যে, প্রাণঘাতী করোনায় ৭০ হাজার মার্কিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের চিকিৎসক ফ্রান্সিস কলিন্স বলেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে। তবে তার মানে এই নয় যে, এই ভাইরাসের প্রাদুর্ভাব দ্রুত হারে বৃদ্ধি পাবে।
তিনি বলেন, এর মানে এই যে আমরা এখন এটা জানতে পারব যে কারা আক্রান্ত হয়েছে এবং কারা এর বাইরে রয়েছে। কারণ যুক্তরাষ্ট্র এখন করোনার পরীক্ষা-নিরীক্ষা আরও বেশি সহজলভ্য হয়ে গেছে।
কলিন্স বলেছেন, সামাজিকভাবে লোকজনের মধ্যে দূরত্ব তৈরি করতে পারলে এই ভাইরাসের বিস্তার ঠেকানো সম্ভব। একই সঙ্গে প্রশাসন যে নির্দেশনা জারি করেছে তা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৯ হাজার ৭৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, এই সংখ্যা এক সপ্তাহ বা ১০ দিন পরে কয়েকগুণ বেড়ে যেতে পারে।

