দেশে চলমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মীর ফারুক (৫১) নামের আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ওই পুলিশ কর্মকর্তা বরিশাল জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকালের দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মীর ফারুক ঝালকাঠির নলছিটি উপজেলার বাউরিয়া গ্রামের মৃত মীর কাশেমের ছেলে। তিনি বরিশাল জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। এর আগে মেহেন্দিগঞ্জ থানায় ছিলেন তিনি। তিন মেয়ের জনক ছিলেন মীর ফারুক।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, রোববার (০৫ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসআই মীর ফারুক।
হাসপাতালে ভর্তির আগেই তার নমুনা পরীক্ষা করা হয়েছিল। তখন তার রিপোর্ট পজিটিভ এসেছিল। তার শ্বাসকষ্ট ছিল।
এজন্য করোনা ইউনিটের আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। মঙ্গলবার সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। সেই সঙ্গে শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেল ৪টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

