দেশে চলমান করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপনের।
শনিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডা. মুজিবুর রহমান রিপন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।
ডা. মুজিবুর রহমান রিপন ফরিদপুর মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার স্ত্রীও চিকিৎসক। তাদের দুই ছেলে।
ডা. মুজিবুর রহমান রিপনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমান।

