দেশে করোনা সংক্রমণের কারণে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন এবং বোর্ডে পৌঁছানো বিষয়ে সময় বিলম্বিত হওয়ার কারণে এবার ফলাফল প্রস্তুতির কাজ দ্রুত শেষ করতে এবং মে মাসের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্য নিয়ে দেশের সকল শিক্ষা বোর্ডগুলোতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়াম্যানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন।
তবে এবার দেশের ভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের (ক্ষুদেবার্তা) মাধ্যমে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। সে কারণেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তাদের শিক্ষার্থীদের মোবাইল নম্বর নেয়া হতে পারে।
এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক মঙ্গলবার (২১ এপ্রিল) বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা সচিবের সঙ্গে সকল বোর্ড চেয়ারম্যানদের বৈঠক হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতির কাজের জানতে চাইলে আমাদের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে আমরা জানিয়েছি।
এছাড়াও বর্তমানে গণপরিবহন বন্ধ থাকায় শিক্ষকরা পরীক্ষার খাতা ও ওএমআর (উত্তরপত্র) শিট শিক্ষাবোর্ডে পাঠাতে পারছেন না বলে জানানো হয়েছে। তিনি বলেন, বোর্ডে খাতা পৌঁছালে আগামী ১৫ দিনের মধ্যে ফল প্রকাশের সকল প্রস্ততি শেষ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, মার্চের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হলেও একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে সময় কমিয়ে দেড় মাসের বদলে এক মাসের মধ্যে শেষ করতে আমরা প্রস্তাব দিয়েছি। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান মাসব্যাপী বন্ধের কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে এমন প্রস্তাব করা হয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, আগামী ১০ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। সে লক্ষ্যমাত্রা নিয়ে শিক্ষা বোর্ডগুলোকে সকল প্রস্তুতি শেষ করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

