দেশে গত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জন।
এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৬৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৪৫৫ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩৬৮ জনের।
সেইসাথে ১,০৬৩ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। বর্তমানে দেশের ৩১ টি প্রতিষ্ঠান নমুনা পরীক্ষা করছে।
আজ রোববার (৩ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ৭৮ হাজার ৯৭০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
আর এতে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৮১ জনের। সুস্থ হয়ে উঠেছে ১১ লাখেরও বেশি রোগী।
করোনার প্রাদুর্ভাব চীনে শুরু হলেও এতে বিপর্যস্ত হওয়ার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ভয়াবহ আকার ধারণ করেছে মহামারি করোনাভাইরাস।
সেখানে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৭ হাজার ২৮৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৫৮ হাজার ৩১০ জন।
আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ।
করোনায় মৃতের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ দেশ ইতালি। দেশটিতে ২৮ হাজার ৭১০ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন।
ইতালিতে একদিনে ৪৭৪ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। গত ২১ এপ্রিলের পর দেশটিতে একদিনে এতো মৃত্যুর ঘটনা ঘটেনি। আর এতে আক্রান্ত হয়েছে মোট ২ লাখ ৯ হাজার ৩২৮ জন।

