দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্তের হার বেশি ঢাকা বিভাগে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন। এদের মধ্যে প্রায় ৭৩ শতাংশই ঢাকা বিভাগের বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিং-এ এই তথ্য জানান তিনি। এছাড়া দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে বলেও জানান তিনি।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। ঢাকা শহরের এবং ঢাকা বিভাগের মধ্যে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। আক্রান্ত রোগীর প্রায় ৭৩ শতাংশ ঢাকা বিভাগের। তাদের অর্ধেক হচ্ছে ঢাকা শহরে এবং বাকিরা অন্যান্য জেলায়।’
ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জের ব্যাপারে তিনি বিশেষভাবে বলেন, ‘নারায়ণগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ৪৯৯ জন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে করোনা শনাক্ত হয়েছেন ৩৬৪ জন। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১৬ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৮৩ জন।’
উল্লেখ্য, দেশে করোনা আক্রান্তে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আরও ৫ জন। মোট সুস্থের সংখ্যা ৯২ জন।
বিশ্বব্যাপি করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা পার হয়ে গেছে ২৫ লাখ। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ২৫ লাখ ৫৭ হাজার ১৮১ জন। এখনও পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৪১ জন। সুস্থ হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৪৪৪ জন।

