দেশে চলমান করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় দুই আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। মৃত ওই দুই নেতা কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল বাশার (৬৪) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান জাহাঙ্গীর (৪৫)।
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই আবুল বাশারের মৃত্যু হয়।
তিনি নগরীর পুরাতন মৌলভীপাড়া এলাকার পুকুর পাড়ের পূর্ব পাড়ের বাসিন্দা। তার গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায়। তিনি দীর্ঘ দিন দুবাই প্রবাসী ছিলেন। প্রায় ২ মাস আগে তিনি দেশে ফিরে আসেন।
অন্যদিকে বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতিকুল রহমান মারা যান। তার বাড়ি উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপাল নগর গ্রামে।
