করোনা আতঙ্কে দেশে চালের বাজার কেউ অস্থিতিশীল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ‘সারা বিশ্ব এখন করোনা আতঙ্কে অস্থির। এটাকে পুঁজি করে চালের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাই।
কোনও ব্যবসায়ী চালের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘ন্যূনতম ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা থাকলে কোনও অবস্থায় এই সমস্যাকে পুঁজি করে কোনও ব্যবসায়ী দাম বাড়াতে পারে না। সরকারের মনিটরিং চলছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
মন্ত্রী ক্রেতাদের উদ্দেশে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কারণ নাই। ওএমএসে (খোলাবাজারে) চাল বিক্রি চলছে। সরকারের গুদামে চালের পর্যাপ্ত মজুত আছে।’

