করোনা ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না: মমতা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সতর্ক করে দিয়ে ‘আগুন নিয়ে খেলবেন না’ বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) বেসরকারি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে উদ্ভূত পরিস্থিতিতে এখনও বিভিন্ন ক্ষেত্রে লোক জমায়েত প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ওই মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি কিছু সংগঠন হাজার হাজার লোককে জমায়েত করে ভাষণ দিচ্ছেন। আমি তাদের অনুরোধ করব প্লিজ আগুন নিয়ে খেলবেন না। সবাইকে ভালো থাকতে দিন। মনে রাখবেন বাঁচলে ধর্ম হবে। আমরা সবাই সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি।’ এ প্রসঙ্গে তিনি কোলকাতার কালীঘাট মন্দির কর্তৃপক্ষসহ অন্য কয়েকটি ধর্মীয় সংস্থার সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি গুরুদোয়ারা, গির্জা, মসজিদ কর্তৃপক্ষসহ সবাইকে বলব, আমি তো শাটডাউন করতে বলিনি। অনেকে তো শাটডাউন করে দিয়েছে। অল্প, অল্প, দুই/চার জন করুক। একসাথে দশ হাজার লোকের, এক হাজার লোকের, পাঁচশ’ লোকের জমায়েত নিষিদ্ধ আছে। এটা আইন করা হয়েছে। আইনটা ভারত সরকার করেছে। এই আইনটা সব রাজ্য কার্যকর করেছে কারণ রোগ কখনও ভালোবাসে না। আমরা মানবিকভাবে করতে চাই সেজন্য কোনটা ভালো, কোনটা খারাপ বোঝানোর চেষ্টা করছি।’

এদিকে, মহারাষ্ট্রসহ যেসব রাজ্যে বাঙালি শ্রমিকরা কাজ করতে গিয়েছিল তাদেরকে সেসব রাজ্য থেকে ট্রেনে করে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানোয় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষকরে ষ্টেশনগুলোতে করোনা মোকাবিলায় কোনও পরিকাঠামো না থাকায়, কোনও পর্যবেক্ষণ বা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা না থাকায় এই উদ্বেগ আরও বেড়েছে। মহারাষ্ট্রের মুম্বাই, পুণে ও অন্যত্র থেকে এরইমধ্যে প্রায় দশ হাজার বাঙালি শ্রমিক পশ্চিমবঙ্গে এসেছে। অন্য রাজ্যের শ্রমিকরাও ঘরে ফেরার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসব ট্রেন বন্ধ রাখার জন্য বারবার বলা সত্ত্বেও ওঁরা কোনও কথা শুনছে না। আজকে আবার বলেছি। যদি না শোনে তাহলে আমরা পশ্চিমবঙ্গের বাইরে এসব ট্রেন আটকে দেবো।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু এরইমধ্যে তো চলে এসেছে সবাই। তারাও তো আমাদের ভাইবোন। কী করব? তাদের পরিবার পরিজন কেউ মুর্শিদাবাদে থাকে, মালদহে থাকে, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায় থাকে। তারাও তো আমাদের পরিজন। এদের উদ্দশ্যে আমার একটা কথাই বলার আছে সেটা হল রোগ হলে আপনাদের যে রাজ্য তাড়িয়ে দেয় তাহলে সারাবছর কেন সেখানে যাবেন? আপনি ওখানে যে কাজটা করছেন, সেই কাজটা বাংলায় এখন হচ্ছে। জরি, সোনার কাজ এখানেও হচ্ছে। পাঁচ লাখ লোক এখানে কাজ করে। এখানে কাজের কোনও অভাব নেই। আমাদের ভাইবোনদের মেধা খুব বেশি। কিন্তু সেই মেধা নিয়ে যাচ্ছে অন্য লোক। অন্য সময় যখন ভালো থাকবেন তখন তারা (ভিন রাজ্য) আপনাদের ব্যবহার করবে। আর যখন রোগ হবে তখন আপনাদের তাড়িয়ে দেবে! এটা ভাবুন। ভিন রাজ্যে কাজে যাওয়ার কোনও প্রয়োজন নেই।’

অন্যরাজ্য থেকে বাঙালি শ্রমিকদের বিতাড়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি আগেও দেখেছি যখন বম্ব ব্লাস্ট হয়েছিল তখনও এদের মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। দিল্লি থেকেও বিতাড়িত হয়েছিল। আমি অনেকগুলো কেস জানি। আমি আপনাদের বলব আপনারা এখানেই (রাজ্যে) সুখে, শান্তিতে ঘর করুন।’