কোনও ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে ইতোমধ্যেই ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ৫৩ হাজারেরও বেশি মানুষের।
তাই এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ রুখতে এক মাসের লকডাউন ঘোষণা করল সিঙ্গাপুর।
আগামী ৭ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত থেকে শুরু হবে এই লকডাউন। শুক্রবার এই ঘোষণা করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
তিনি জানিয়েছেন, লকডাউন চলাকালীন দেশের অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সমস্ত দফতর বন্ধ থাকবে। এখনও পর্যন্ত সিঙ্গাপুরে ১,০৪৯ জনের শরীরে মিলেছে কোভিড-১৯। এর মধ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের।
আক্রান্তের মধ্যে সারা বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। এখনও পর্যন্ত সেখানে প্রায় আড়াই লক্ষ আক্রান্ত হয়েছেন। তার পরেই রয়েছে ইতালি।
পেপার’স লাইফ/নিউজ/আন্তর্জাতিক ডেস্ক

