করোনা নিয়ে বিতর্কের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রাজবাড়ীতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
জানা যায়, শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম লাভলু মোল্লা (৪৮)। আহত অপর দুইজন লাভলুর ভাই বাবলু মোল্লা ও খালেক।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা সুলতানা জানান আহতরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল আল মামুন জানান, হাসপাতালে গুরুতর আহত তিন জনকে আনা হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ভবদিয়া গ্রামের লাভলু মোল্লা ও খালেকের মধ্যে দেশের সার্বিক করোনা পরিস্থিতি, এলাকায় এ রোগের বিস্তার নিয়ে কথা হচ্ছিল।
এক পর্যায়ে তা নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর তাদের মধ্যে হাতাহাতিও হয়। এ নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে খালেক, লাভলু মোল্লা ও তার ভাই গুরুতর আহত হলে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দায়িত্বরত চিকিৎসক লাভলুকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দু’জন সেখানে চিকিৎসাধীন।

