করোনা সংক্রমণের কারণে দেশে চলমান সাধারন ছুটি শেষ হলে পুনরায় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
রোববার (২৯ মার্চ) আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। সেইসাথে তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন সাহায্য আসার কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানান।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে করোনা সংক্রমণ সীমিত রাখা গেছে। ৪ এপ্রিল সাধারণ ছুটি শেষ হওয়ার পর যখন লোকজন গ্রাম থেকে ফিরবেন তখন যাতে আবারো করোনা সংক্রমণ না ঘটে, সে বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী।
এর আগে রোববার (২৯ মার্চ) দুপুরে বাংলাদেশে নতুন করে কারো দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি এবং মারাও যাননি বলে জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
পেপার’স লাইফ/নিউজ/জাতীয়

