সারাদেশে বিদেশ ফেরতদের ঘর থেকে বের না হতে এবং কোয়ারেণ্টাইন নিশ্চিত করতে নিজেদের পক্ষ থেকে ফোন করে এসব অনুরোধ করছে সেনাবাহিনী।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, ‘বিদেশ ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য সেনাবাহিনী কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান।
এছাড়াও, দেখা গেছে কোথাও কোথাও সেনা সদস্যরা সরাসরি বিদেশ ফেরতদের বাড়ি গিয়েও এ অনুরোধ করছেন।
গত ২৪ মার্চ করোনাভাইরাস প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহযোগিতার জন্য মাঠে নামে সশস্ত্রবাহিনী।
ওইদিন সারাদেশের বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে ডিসিদের সঙ্গে সমন্বয় সভা করেন সেনা কর্মকর্তারা। পরদিন ২৫ মার্চ থেকে সারাদেশে কাজ শুরু করে সশস্ত্রবাহিনী।
এরপর থেকে সোনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে ও করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেন।
সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালান তারা। একইসঙ্গে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ স্থানীয় ঈমামদের নানা পরামর্শ দিচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় গরিব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

