কর্মকর্তাদের উইচ্যাট ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া




চীনভিত্তিক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ উইচ্যাটের ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ। এর ফলে দেশটির প্রতিরক্ষা বিভাগের কোনো কর্মকর্তা বিভাগের ডিভাইসে উইচ্যাট ব্যবহার করতে পারবেন না।
তবে কর্মকর্তারা চাইলে ব্যক্তিগত ফোনে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অস্ট্রেলিয়ান ফিন্যান্স রিপোর্টকে উদ্ধৃত করে প্রযুক্তি-বিষয়ক সংবাদ সাইট সিনেট এ তথ্য প্রকাশ করেছে।
গত মাসে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস রে বলেন, তিনি হুয়াওয়ে ও জেডটিইর মতো চীনা টেলিকম কোম্পানির পণ্যে বিশ্বাস করেন না। এসব প্রতিষ্ঠানের ডিভাইস কিংবা সরঞ্জাম ব্যবহার করলে তথ্য চুরির আশঙ্কা করছেন তিনি। ধারণা করা হচ্ছে, এফবিআইয়ের এমন অবিশ্বাস থেকে উইচ্যাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ।
অস্ট্রেলিয়ান ফিন্যান্স রিপোর্ট জানায়, দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ফেসবুক ব্যবহারের সুযোগ পেয়ে আসছেন। তবে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করে দেখা হচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা বিভাগের মোবাইল ডিভাইসগুলোয় তারা অননুমোদিত সফটওয়্যারের ব্যবহার সমর্থন করছেন না।