কলকাতার পছন্দের তিনে সাকিব নেই




নতুন নিয়মে শুরু হচ্ছে আইপিএলের যাত্রা। নিলামের আগে সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ থাকছে প্রত্যেকটি দলের। গতবারের তুলনায় এ সংখ্যা অর্ধেকেরও কম।
যেমন, ২০১৭ আইপিএলে কেকেআর ধরে রাখতে পেরেছিল ১৪ জন খেলোয়াড়। নতুন এই সমীকরণে স্বাভাবিকভাবেই বেশ পরীক্ষা দিতে হচ্ছে অংশ নেয়া দলগুলোকে। সেরার মধ্যে সেরা ৩ বেছে নেয়া কঠিনই বটে।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সেরা তিনে সাকিব আল হাসান যে নেই সেটা পরিষ্কার। কেননা ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলামে উঠতে আগ্রহ প্রকাশ করা বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম বিসিসিআইকে পাঠিয়েছে বিসিবি। যাদের মধ্যে আছে সাকিবের নামও।
অবশ্য ২০১৫ থেকে আইপিএলে পারফরমেন্সে বেশ ভাটা পড়েছে এক বিশ্বসেরা অলরাউন্ডারের। পাকিস্তান সিরিজ থাকায় ২০১৫-তে আইপিএলে খেলেছিলেন ৪ ম্যাচ। ২০১৬-তে পুরোটা খেলেও সুযোগ পান ১০ ম্যাচে। প্রাপ্তি, ১১৪ রান ও ৫ উইকেট। গতবার সুযোগই পেয়েছেন মাত্র এক ম্যাচে।
সবমিলিয়ে কেকেআর সাকিবকে ধরে রাখতে চায় কিনা তা নিলামের পরেই বোঝা যাবে। যদিও নিলামে দলগুলোর একটি বাড়তি সুযোগ অবশ্য রয়েছে। নিলামে নিজের দলের ছেড়ে দেওয়া খেলোয়াড়কে আবার নিতে ব্যর্থ হলে ওই খেলোয়াড়টিকে সর্বোচ্চ যে দামে কেনা হবে, সেই একই দামে কিনতে চাইলে নিলামের পর খেলোয়াড়টির আগের দলকে সুযোগ দেওয়া হবে। বাকি পিপাসা মেটাতে এখন আর কিছুই করার নেই, অপেক্ষা করতে হবে…