কলকাতায় মশার উৎস খুঁজবে ড্রোন




তারকাঁটার বেড়া পেরোলেই আরেক বাংলার জগৎ। ভাষা একই হলেও অনেক কিছুতেই এগিয়ে আছে কলকাতার বাংলাভাষীরা। সেরকমই আরেকটি নজির রাখতে চলেছে বৃহত্তম এই শহরটি।
সম্প্রতি মশা মারতে ড্রোন দাগাতে চলেছে কলকাতা। শহরের আকাশে উড়বে ‘ড্রোন’। আর আধুনিক ক্যামেরা নজর রাখবে কোথায় জল জমে রয়েছে, কোথায় জঞ্জাল পড়ে রয়েছে। মশার বংশবৃদ্ধি রুখতে এই নতুন প্রযুক্তির ব্যবহারের সিদ্ধান্ত নিচ্ছে পুর প্রশাসন।
মঙ্গলবার পুরসভায় মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, শহরবাসীকে বার বার বলা হচ্ছে জল জমাবেন না। জঞ্জাল জমতে দেবেন না। তা থেকে যে মশার বংশ বাড়ছে তাও জানানো হচ্ছে। কিন্তু এর পরেও দেখা যাচ্ছে অনেক জায়গায় জল জমানোর প্রবণতা ঠেকানো যাচ্ছে না।
স্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল-সহ সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠানেই জল জমার ঘটনা ঘটছে। সব তো আর পুরকর্মীদের নজরে পড়ে না। তাই আধুনিক প্রযুক্তির ওই ক্যামেরা ব্যবহারের কথা ভাবা হয়েছে।
সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়ায় ছোট ছোট জলাশয়ের প্রবণতা রুখতে পুর আইনকে আরও কড়া করার প্রচেষ্টা শুরু করেছে পুর প্রশাসন। পাশাপাশি ড্রোন ক্যামেরার ব্যবহার জমা জলের উৎস খুঁজতে সাহায্য করবে। তাতে মশা নিধনের কাজ অনেক দ্রুত করা যাবে বলে মনে করছে পুরসভার স্বাস্থ্য দফতর।