কলম্বিয়ার বোগোতায় এক কারাগারে করোনাভাইরাস নিয়ে উত্তেজনা থেকে সৃষ্ট দাঙ্গায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। এছাড়া এ দাঙ্গায় অন্তত ৮৩ জন বন্দি আহত হয়েছেন।
গত রোববার দেশটির সবগুলো কারাগারের বন্দিরা করোনাভাইরাস প্রাদুর্ভাবের এ সময়টিতে কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি ও নাজুক স্বাস্থ্য সেবার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এই সহিংসতা হয়েছে এবং দেশের ১৩টি কারাগার থেকে অস্থিরতার খবর এসেছে বলে জানিয়েছেন
এ বিষয়ে কলম্বিয়ার বিচারমন্ত্রী মার্গারিটা কাবেলো বলেন, “এ ধরনের পরিকল্পনা ও এসব দাঙ্গা হওয়ার মতো কোনো স্বাস্থ্যবিধিগত সমস্যা সেখানে ছিল না। কোনো বন্দি বা হেফাজতে থাকা কারো অথবা প্রশাসনিক কোনো কর্মী করোরই করোনাভাইরাসের সংক্রমণ হয়নি। বন্দিরা উন্মত্ত হয়ে উঠেছিল এবং তাদের কয়েকজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ও সম্পত্তি ক্ষতিসাধন করার অভিযোগ আনা হতে পারে।
এদিকে লা মোদেলো কারাগারের গেটের বাইরে বন্দিদের বহু স্বজন জড়ো হয়ে তাদের প্রিয়জনদের খবর জানার জন্য অপেক্ষা করছে। তারা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আসার পর তারা গুলির শব্দ শুনেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে বন্দিদের জাজিম, তোশকে আগুন ধরাতে দেখা গেছে।
উল্লেখ্য, এ পর্যন্ত কলম্বিয়ায় ২৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং দুই জন মারা গেছে। দেশটি মঙ্গলবার থেকে জাতীয়ভাবে কোয়ারেন্টিন শুরু করতে যাচ্ছে যা ১৯ দিন স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

