রাজধানীর কারওয়ান বাজারে রেললাইন বস্তিতে আগুন লেগে প্রায় ১০০ ঘর পুড়ে গেছে । আগুন লাগার এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এঘটনায় কেউ হতাহত হননি। বস্তিতে থাকা লোকজনের বেশির ভাগই কারওয়ান বাজারে মাছের আড়তে কাজ করে বলে জানান স্থানীয় লোকজন।
আজ সোমবার দুপুর ১২টার পর সেখানে আগুন লাগে। বেলা একটার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান রান্নার সময় হঠাৎ আগুন দেখতে পান বলে জানিয়েছেন বস্তির এক বাসিন্দা। অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সাহায্য করে।
আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন। প্রাথমিকভাবে তিনি প্রায় ১০০ ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার কথা জানান।
দুপুর ১২টার দিকে কয়েকজনের সঙ্গে রান্নার কাজ করছিলেন বস্তির বাসিন্দা আকমা। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তিনি তাড়াতাড়ি রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করে আনেন। দ্রুত ধোঁয়া উঠতে থাকে। কোনোমতে প্রাণ বাঁচিয়ে তাঁরা বেরিয়ে আসেন।
