কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদ ধ্বংস করবেন রাখোয়




দুই সপ্তাহ আগে ‘স্বায়ত্তশাসিত’ কাতালুনিয়ায় কেন্দ্রের শাসন জারি করার পর রোববার প্রথমবার সেখানে গেছেন তিনি।
এদিন কাতালোনিয়ার ২১ ডিসেম্বরের আগাম নির্বাচনকে সামনে রেখে রাখোয় তার দল পপুলার পার্টির (পিপি) পক্ষে বার্সালোনায় এক প্রচার সমাবেশে অংশ নেন বলে জানায় বিবিসি।
সেখানে তিনি বলেন, “বিচ্ছিন্নতার যে ঝড় উঠেছে সেটা থেকে অবশ্যই আমরা কাতালুনিয়াকে রক্ষা করবো।”
গত মাসের শুরুতে স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত এক গণভোট নিয়ে মাদ্রিদের সঙ্গে কাতালুনিয়ার দ্বন্দ্ব শুরু হয়। স্পেনের সরকার ও সাংবিধানিক আদালত ওই গণভোটকে অবৈধ বললেও কাতালান নেতারা ‘গণরায় মেনে স্বাধীনতার ঘোষণা’ দিলে টানাপোড়েন তীব্র হয়।
মাদ্রিদ কাতালুনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানকার সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে এবং ডিসেম্বরে নতুন নির্বাচনের তারিখ দেয়।
সেইসঙ্গে গণভোট আয়োজন ও আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা দেওয়ায় কাতালান নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহীতা ও রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগ আনে স্পেন।
স্বাধীনতাপন্থি বন্দি নেতাদের মুক্তির দাবিতে শনিবার রাতে বার্সেলোনায় প্রায় সাড়ে সাত লাখ মানুষ বিক্ষোভ করে।
কাতালানের বিলুপ্ত ঘোষিত প্রশাসনের আট মন্ত্রী ও তৃণমূল পর্যায়ের প্রধান দুই নেতা কারাগারে আছেন।
‘রাজবন্দিদের মুক্তি দাও’ স্লোগানকে সামনে রেখে স্বাধীনতাপন্থি দুটি তৃণমূল সংগঠন এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
বিক্ষোভকারীদের হাতে ছিল কারাবন্দি নেতাদের ছবি ও লাল-হলুদ কাতালান পতাকা। অন্ধকারে নিজেদের মোবাইল ফোনের আলো জ্বালিয়ে কারাবন্দি নেতাদের প্রতি সংহতি জানায় তারা।
ওই আলো ব্রাসেলসেও এসে পৌঁছেছে এবং পথকে উজ্জ্বল করেছে, যে পথ আমরা অনুসরণ করে যাবো,” বিক্ষোভের সময় টুইটারে সংহতি জানিয়ে লেখেন কাতালুনিয়ার বরখাস্ত নেতা কার্লেস পুজদেমন।
তিনি বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে চার সহযোগীসহ পুজদেমন বেলজিয়াম পালিয়ে যান। পরে স্পেন সরকার ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সহযোগীদের নিয়ে বেলজিয়াম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। বেলজিয়াম সরকার তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেয়।
এদিকে, গত বৃহস্পতিবার স্পেনের সুপ্রিম কোর্ট কাতালান পার্লামেন্টের স্পিকার কারমে ফোরকাদেল ও আরও চার কর্মকর্তার জামিন মঞ্জুর করে; এ কর্মকর্তারা কাতালান পার্লামেন্টের ভোট ও স্বাধীনতার ঘোষণার তত্ত্বাবধান করেছিলেন। এদিন আরও এক সাংসদকেও জামিন ছাড়াই মুক্তি দেওয়া হয়। স্পেনের সংবিধানের বিরুদ্ধে গেছে এমন কিছু করার কথা অস্বীকারের পর শুক্রবার জেল থেকে ছাড়া পান ফোরকাদেল; তবে ডিসেম্বরের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন নিয়ে স্বাধীনতাপন্থি দলগুলোর মধ্যেও মতভিন্নতা তৈরি হয়েছে। পুজদেমনের দল পিদেক্যাট একজোট হয়ে নির্বাচন করতে চাইলেও স্বাধীনতাপন্থি অপর শক্তিশালী দল ইআরসি তাতে রাজি হয়নি।