আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৫৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ জন নারী ও পাঁচটি শিশু রয়েছে। এ ঘটনায় আরও ১১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গতকাল রোববার দেশটির রাজধানী কাবুলে ওই ঘটনা ঘটে। পাশাপাশি একই দিন দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের এক সড়কে বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন।
রোববার সকালে কাবুলের পশ্চিমাংশের দাশত-ই বার্চি এলাকায় ওই কেন্দ্রের বাইরে ভোটাররা যখন পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন, তখনই ওই বিস্ফোরণ ঘটানো হয়।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেন, হামলাকারী এক ব্যক্তি হেঁটে কেন্দ্রে আসে। তার শরীরে বিস্ফোরকভর্তি বন্ধনী ছিল। সেখানে কর্মকর্তারা ভোটারদের মধ্যে পরিচয়পত্র বিলি করছিলেন। তখনই হামলাকারী বিস্ফোরণটি ঘটায়।
জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হতাহতদের পাশাপাশি কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে যায়। আশপাশের অনেকগুলো ভবনের জানালার কাচ চুরমার হয়ে যায়। আশপাশের সড়ক ধ্বংসস্তূপে পরিণত হয়।
বিস্ফোরণের সময় ঘটনাস্থলের কাছে থাকা বশির আহমেদ নামের এক ব্যক্তি রয়টার্সকে বলেন, ‘ভোটার নিবন্ধন কেন্দ্রে অনেক নারী ও শিশু ছিল। প্রত্যেকে তাঁদের পরিচয়পত্র নিতে এসেছিলেন।’
উল্লেখ্য, কাবুলের এই এলাকায় সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের বসবাস। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকায় প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল।
