অবশেষে কারামুক্ত হলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। তবে এখনই পুরোপুরি মুক্তি পাচ্ছেন না তিনি। আপাতত ‘হাউজ অ্যারেস্ট’ অবস্থায় একটি হোটেলে থাকতে হবে তাঁকে।
মুক্তির জন্য তাঁকে গুনতে হয়েছে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার মুচলেকা। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৬০ লাখ ৩৩ হাজার টাকা। এর ফলেই ৩২ দিন পর কারাবন্দি জীবন থেকে মুক্তি পেলেন তিনি।
গত মাসে প্যারাগুয়েতে জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্রসহ ধরা পড়েন রোনালদিনহো। এরপর তাঁর কোনো কথা না শুনে চালান করে দেওয়া হয় জেলহাজতে।
পরে শুনানিতে তাঁকে ছয় মাসের শাস্তি প্রদান করা হয়। জেলে ৩২ দিন কাটানোর পর শর্তসাপেক্ষে তাঁর কারামুক্তির আবেদন মঞ্জুর করেন বিচারপতি গুস্তাভো অ্যামারিয়া।
শর্তের কারণে দেশটির রাজধানী আসুনসিওনে একটি হোটেলে বাকি ৪ মাস ২৮ দিনের শাস্তিভোগ করতে হবে ৪০ বছর বয়সী এ তারকা ফুটবলারকে।

