কারা কমপ্লেক্সে হেলিকপ্টার নামিয়ে বিপাকে দম্পতি




গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের ভেতর একটি হেলিকপ্টার অবতরণ করেছে। ওই হেলিকপ্টারে মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন। প্রবাসী ওই ব্যক্তি বলছেন, ভুলবশত এমন ঘটনা ঘটেছে। তবে কারাগারের সীমানায় হেলিকপ্টার নিয়ে অবতরণের পর বাংলাদেশি বংশোদ্ভূত এক মালয়েশীয়কে সপরিবারে আটক করেছে কারা কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তারা কাশিমপুর কারা কমপ্লেক্সের চত্বরের কারা স্কুল মাঠে এঘটনা ঘটে বলে ঢাকা কেন্দ্রীয় কারাগার ২ এর কারাধ্যক্ষ আনোয়ার হোসেন জানান।
পূর্বানুমতি না নিয়ে কারা চত্বর এলাকায় চক্কর দিয়ে একটি হেলিকপ্টার কারাস্কুল মাঠে অবতরণ করে। ‘কিছু বুঝে ওঠার আগেই’ যাত্রীদের নামিয়ে দিয়ে হেলিকপ্টারটি দ্রুত উড়ে যায়। পরে মালয়শীয় দম্পতি ও তাদের তিন শিশু সন্তানকে (দুই বছরের ও আট বছরের দুই মেয়ে এবং পাঁচ বছরের এক ছেলে) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার সুব্রত কুমার বণিকের ভাষ্য, প্রবাসী ওই ব্যক্তির নাম বিল্লাল হোসেন। বাড়ি কুমিল্লার হোমনা এলাকায়। বিল্লাল জানান, পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টার ভাড়া করে ঢাকা থেকে তিনি কোনাবাড়ী কুদ্দুসনগর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। হেলিকপ্টারের চালক ভুল করে কারা কমপ্লেক্স স্কুলের মাঠে অবতরণ করেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রবাসী বিল্লাল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাস করেন। তাঁর স্ত্রীও মালয়েশীয়। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কোনাবাড়ী আমবাগ এলাকায় তাঁর এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। পথে চালক ভুল করে কোনাবাড়ী কুদ্দুসনগর স্কুলের পরিবর্তে কারা কমপ্লেক্সের ভেতরের স্কুলের মাঠে অবতরণ করেন।