বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কিছু স্মৃতি অমলিন, কিছু মাঠ বিজয়ী। তেমনই এক মাঠ । যেই মাঠে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ্র জুটির সুবাদে ৩৩ রানে ৪ উইকেট হারিয়েও জিতেছিল, নিউজিল্যান্ডকে হারিয়ে বৈশ্বিক কোনো টুর্নামেন্টের সেমি ফাইনালে খেলেছিল বাংলাদেশ
না, সেদিনের গল্প বলছি না। পিছিয়ে যাওয়া যাক আজ থেকে ঠিক ১৫ বছর আগে। এই কার্ডিফের সোফিয়া গার্ডেনে ইতিহাস গড়েছিল এক নতুন বাংলাদেশ। বিশ্বকে জানান দিয়েছিল বাংলাদেশ আসছে। ২০০৫ সালের ন্যাটওয়েস্ট সিরিজে রিকি পন্টিংয়ের অজেয় অস্ট্রেলিয়ার মুখোমুখি ক্রিকেটবিশ্বে সদ্যই মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশ।
সেই ম্যাচে লাল সবুজের জার্সিতে মাঠে নামেন এক কিশোর- মোহাম্মদ আশরাফুল। যার ব্যাটে সৃষ্টি হয় নতুনের ইতিহাস। সেই আশরাফুলের সেঞ্চুরিতে প্রথমবারের মতো ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় বাংলাদেশ! ভাঙাচোরা দল হিসেবে সেটা ‘আপসেট’ হলেও আসলে এই জয় ছিল টাইগারদের আগমনী বার্তা।
ঐতিহাসিক সেই জয়ের নায়ক মোহাম্মদ আশরাফুল ১০১ বলে ১১ বাউন্ডারিতে করেছিলেন ঠিক ১০০ রান। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পেয়েছিলেন এক বোতল শ্যাম্পেন। এছাড়া অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ডও গড়েছিলেন। সেই দুইটি সেঞ্চুরির ব্যাট আর এক বোতল শ্যাম্পেন এবার নিলামে তুলতে যাচ্ছেন বাংলাদেশর একসময়ের ‘লিটল মাস্টার’।
বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের আগ্রাসন। এই দুর্দিনে সবচেয়ে বিপদে পড়েছেন দিনমজুররা। ক্রিকেটারার দলীয় এবং ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহের জন্য কয়দিন আগে মুশফিকুর রহিম দেশকে প্রথম ডাবল সেঞ্চুরি উপহার দেওয়া ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। একই কারণে নিজের ক্রিকেট সামগ্রীগুলো নিলামে তুলবেন অ্যাশ।
চেয়েছিলেন বৃদ্ধ বয়সে টাকার অভাব হলে এগুলো নিলাম করবেন। কিন্তু এই মহামারিতে মানুষের দুঃখ কষ্টে এগিয়ে আসতে হচ্ছে।

