কাশ্মীরে গ্রেনেড হামলা, নিহত সিআরপিএফ জওয়ান



কাশ্মীরে গ্রেনেড হামলা, নিহত সিআরপিএফ জওয়ান

ভারতে সন্ত্রাসবাদীদের গ্রেনেড হামলায় কাশ্মীরে এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আর এক জওয়ানকে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারায়। সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে সন্ত্রাসবাদীদের আকস্মিক হামলায় প্রাণ হারিয়েছেন হেড কনস্টেবল শিব লাল নিতাম।

সিআরপিএফ-এর তরফে জানানো হয়েছে যে, এক ব্যক্তি গ্রেনেড ছুড়েই পালিয়ে যায়। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কিছু জওয়ান। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। সেই হাসপাতালেই হেড কনস্টেবল শিব লালের মৃত্যু হয়।

মঙ্গলবার সকালেও সীমান্তে গোলাগুলি চালায় পাক বাহিনী। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এ দিন সকাল ৭.৪৫ মিনিট নাগাদ সীমান্তের ওপার থেকে গোলাগুলি উড়ে আসে। সেইসাথে কোনওরকম উসকানি ছাড়াই পাকিস্তান গোলাগুলি চালায় বলে ভারতীয় সেনার বরাতে জানানো হয়েছে।

এদিকে গত রবিবারই জম্মু ও কাশ্মীরে ফের এনকাউন্টার চলে। কেরান সেক্টরে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হয়েছে ৫ সন্ত্রাসবাদীর। শহিদ হয়েছেন ৫ জওয়ানও। রবিবার গভীর রাতে চলে তীব্র এনকাউন্টার।

শ্রীনগর পুলিশের তরফে জানানো হয়েছিল, উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে সীমান্ত রেখা সংলগ্ন এলাকায় হয় তীব্র গুলি বিনিময়।  অনুপ্রবেশের চেষ্টা রুখতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পালটা গুলি ছোড়েন জওয়ানরাও। এই ঘটনায় ৫ জওয়ানের মৃত্যু হয়েছে।

পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক ডেস্ক