রোহিঙ্গা সংকট: কুতুপালংয়ে নতুন ৫ টি পুলিশ ক্যাম্প




আজ রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় পুলিশকে ক্যাম্প স্থাপনের এই নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে ত্রাণমন্ত্রী বলেন, “সেখানে আমরা এদের (রোহিঙ্গা) আরও নজরে রাখার জন্য (কুতুপালংয়ে) পাঁচটি পুলিশ ক্যাম্প স্থাপনের পরামর্শ দিয়েছি। তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) তৎপরতা আরও বৃদ্ধি করতে অনুরোধ করেছি।”
গত ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে যা ঘটছে, তাকে জাতিসংঘ চিহ্নিত করেছে জাতিগত নির্মূল অভিযান হিসেবে। আর গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে আরও প্রায় চার লাখ রোহিঙ্গা।