কুড়িগ্রামের রৌমারী উপজেলায় টঙ্গী ফেরত এক ব্যক্তি করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জন।
বুধবার (২২ এপ্রিল) প্রাপ্ত প্রতিবেদনে তার শরীরে করোনা সংক্রমন পজেটিভ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম।
আক্রান্ত ব্যক্তি উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর আকন্দপাড়া গ্রামের বাসিন্দা।
ডা. মোমেনুল ইসলাম জানান, ওই ব্যক্তি গত ৮ এপ্রিল টঙ্গী থেকে রৌমারীতে ফিরে আসেন। এরপর সে অসুস্থ্য হয়ে পড়লে স্বাস্থ্য বিভাগ গত ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। বুধবার (২২ এপ্রিল) প্রাপ্ত প্রতিবেদনে সে করোনা পজেটিভ সনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা বলেন,‘ আক্রান্ত ব্যক্তিকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হবে।’ তার পরিবারের অন্যান্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
প্রসঙ্গত, এর আগে রৌমারীতে জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। করোনা আক্রান্ত ওই রোগী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে জেলায় চারজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলো। অপর দুই রোগী জেলার ফুলবাড়ী ও সদর উপজেলায় সনাক্ত হয়। তারা সবাই ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি

