কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের গাড়ি চালক করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক নার্স ও এক কর্মচারীসহ জেলায় নতুন করে ৯ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার (১৬ মে) প্রাপ্ত প্রতিবেদনে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, অপর এক চিকিৎসকের ছোট ভাই সহ উপজেলায় তিনজন করোনা পজেটিভ হয়েছেন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের একজন নার্স ও এক কর্মচারী করোনা পজেটিভ হয়েছেন। এছাড়াও জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে আশি বছরের এক বৃদ্ধা সহ দুই নারী, এক শিশু ও এক পুরুষ করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০ এ দাঁড়িয়েছে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাসুন্নাহার জানান, উপজেলা সুস্থ কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার (নারী) ও অপর এক চিকিৎসকের ছোট ভাই করোনা পজেটিভ হয়েছেন।
এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের গাড়ি চালক করোনা পজেটিভ হয়েছেন। সম্প্রতি ইউএনও ওই গাড়ি চালককে নিয়ে গাড়ি ব্যবহার করায় ইউএনওকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডা. শাসুন্নাহার বলেন, ‘আক্রান্ত চিকিৎসকের কিছু উপসর্গ রয়েছে। তবে অপর দুইজন কোনও উপসর্গ ছাড়া সুস্থ রয়েছেন।’ তাদেরকে বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান এই চিকিৎসা কর্মকর্তা।
এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম বলেন,‘ হাসপাতালের এক নার্স ও আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এক কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। তবে তারা কোনও উপসর্গ ছাড়া সুস্থ রয়েছেন।’
পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি

